প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন ডানপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সরকার, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের হাজার হাজার পোশাক কারখানার শ্রমিকদের ধর্মঘট ও বিক্ষোভ দমনে পুলিশি হিংসতা চালিয়েছে। শ্রমিক ইউনিয়নগুলোর আমলাতান্ত্রিক নেতৃত্ব কার্যত সরকারের পক্ষ নিয়েছে এবং শ্রমিকদেরকে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ৩১শে অক্টোবর থেকে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়, যা ৫ই নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। যদিও এই বিক্ষোভ দীর্ঘদিন ধরে মজুরি সংগ্রামেরই একটি অংশ, তবে এর তাৎক্ষণিক কারণ ছিল সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অক্টোবর মাসের মধ্যে পোশাক শিল্পের জন্য নতুন ‘ন্যূনতম মজুরি বোর্ড’ (Minimum Wage Board - MWB) গঠন করতে ব্যর্থ হওয়া। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং মাসিক ন্যূনতম মজুরি বর্তমানের ১২,৫০০ টাকা (১০০ মার্কিন ডলার) থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা (২৪০ মার্কিন ডলার) করার দাবি জানান।
পোশাক শিল্পে এই অত্যন্ত স্বল্প মজুরি বিদ্যমান থাকাই নির্মম শোষণের চিত্রই তুলে ধরে। ২০২৫ সালে চার জনের একটি পরিবারে কেবল নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্যই মাসে প্রায় ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকার প্রয়োজন ছিল।
২রা নভেম্বর ‘দ্য ডেইলি স্টার’-এর সাথে আলাপকালে ৪৫ বছর বয়সী পোশাক শ্রমিক মহসিনা বেগম বলেন, “আমি সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বের হই আর রাত আটটার পর ফিরে আসি। ওভারটাইমসহ আমার মাসিক আয় হয় প্রায় ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা। এর মধ্যে ৮,০০০ টাকাই চলে যায় বাড়ি ভাড়ায়। বাকি ১০,০০০ থেকে ১২,০০০ টাকায় পুরো মাস চালানো অসম্ভব।”
শ্রমিকরা আরও দাবি জানান যে, মালিকপক্ষ যেন অভিজ্ঞ শ্রমিকদের সম্মিলিতভাবে ‘ব্ল্যাকলিস্ট’ (কালো তালিকাভুক্ত) করা বন্ধ করে, বরখাস্তকৃত শ্রমিকদের কাজে ফিরিয়ে নেয়, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এবং খেয়ালখুশিমতো শ্রমিক ছাঁটাই বন্ধ করে।
এই বিক্ষোভ মিরপুর, গাজীপুর-কালিয়াকৈর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ—এই পাঁচটি শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে, যার ফলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাজার হাজার সদস্য টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও লাঠি ব্যবহার করে, যার ফলে অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়।
শ্রমিকদের এই সংগ্রাম আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১লা নভেম্বর মালিকপক্ষ ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, ২রা নভেম্বরের মধ্যে প্রায় ৬৯০টি কারখানা উৎপাদন স্থগিত করেছে, যার ফলে ১৭ লাখেরও বেশি শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
৪ঠা নভেম্বরের হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিএনপিকর্মীরা বাঁশের লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন—তাদের দাবি ছিল, তারা “শৃঙ্খলা বজায় রাখতে এবং অনুপ্রবেশকারীদের প্রতিহত করতে” এমনটা করেছেন। এর আগে বিএনপি কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেছিল যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন—এবং বর্তমানে বিলুপ্ত—আওয়ামী লীগের কর্মীরা শ্রমিকদের এই বিক্ষোভে অনুপ্রবেশ করেছে।
একজন শ্রমিকের কথায়, ২রা নভেম্বর গাজীপুরে “একটি কারখানার ভাড়া করা” দুর্বৃত্তরা বিক্ষোভকারীদের ওপর নৃশংস হামলা চালায়। এ সময় হামলার দৃশ্য রের্কড করতে গিয়ে ২১ বছর বয়সী শ্রমিক তৌফিক শেখ গুরুতর আহত হন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তৌফিক পরদিন আঘাতের কারণে মারা যান। কর্তৃপক্ষ এই হিংস্রতার জন্য বিক্ষোভকারীদের ভাঙচুরের ঘটনাকেই দায়ী করে পরিস্থিতিকে যৌক্তিক দেখানোর চেষ্টা করেছে, তবে শ্রমিকরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
৩রা নভেম্বর, শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগে পুলিশ আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, আইনের “নির্দিষ্ট ধারায়” তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে ধারাগুলোর নাম উল্লেখ করা হয়নি।
সরকার যখন শ্রমিকদের ওপর হিংসতা চালায়, তখন ট্রেড ইউনিয়নের আমলারা—বিশেষ করে স্টালিনবাদী ‘কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ’ (সিপিবি)-এর সঙ্গে যুক্ত ইউনিয়নগুলো—এই বিক্ষোভ থেকে নিজেদের সরিয়ে নেয়। সিপিবি-নিয়ন্ত্রিত ‘গার্মেন্ট ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টার’ (জিডব্লিউটিইউসি)-এর সম্পাদক সাকেকুর রহমান শামীম শ্রমিকদের দাবির প্রতি সমর্থনের ভুয়া দাবি করলেও জানান যে, ইউনিয়নগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে না।
সরকারি বাহিনী বিক্ষোভ দমন করার পর, জিডব্লিউটিইউসি-এর সভাপতি মন্টু ঘোষ অত্যন্ত কপটতার সঙ্গে মন্তব্য করেন, “ন্যায্য মজুরির দাবি জানানো কোনো অপরাধ নয়।” তিনি বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় একটি “নিরপেক্ষ তদন্ত” দাবি করেন এবং দায়ীদের “জবাবদিহিতার” আওতায় আনার আহ্বান জানান। তবে তিনি সরকারের ওপর কোনো দোষ চাপাননি, বরং সরকারের দায়বদ্ধতাকে আড়াল করার চেষ্টা করেছেন।
স্টালিনবাদী এবং অন্যান্য ইউনিয়ন আমলারা শ্রমিকদের এমন ধর্মঘট দেখে হতবাক হয়ে পড়েন, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এটি প্রতিষ্ঠিত ইউনিয়নগুলোর প্রতি শ্রমিকদের ক্রমবর্ধমান অবিশ্বাসেরই স্পষ্ট ইঙ্গিত।
‘বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টার’-এর সভাপতি এম এ শাহীনও তার ইউনিয়নকে এই বিক্ষোভ থেকে দূরে রাখেন। বিডিনিউজ২৪.কম-এর তথ্য অনুযায়ী, শাহীন বলেন যে, “দুপুরের খাবারের বিরতির পর কোনো পূর্বপরিকল্পনা বা নির্দেশনা ছাড়াই শ্রমিকরা হঠাৎ রাস্তায় নেমে আসেন।” তিনি শ্রমিকদের ‘ওয়েজ বোর্ড’ বা মজুরি বোর্ডকে সময় দেওয়ার আহ্বান জানান। ‘ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল’-এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন মন্তব্য করেন যে, বিক্ষোভটি সময়ের অনেক আগেভাগেই হয়ে গেছে এবং নতুন মজুরি কাঠামো জানুয়ারি মাস থেকে কার্যকর হতে পারে।
১লা নভেম্বর, অর্থাৎ বিক্ষোভের দ্বিতীয় দিনে, শ্রমিকদের ক্ষোভ প্রশমিত করার মরিয়া প্রচেষ্টায় সরকার ছয় সদস্যবিশিষ্ট একটি ‘মিনিমাম ওয়েজ বোর্ড’ (ন্যূনতম মজুরি বোর্ড) গঠনের ঘোষণা দেয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৪ঠা নভেম্বর এই বোর্ড ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে একমত হয়, যার ফলে জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন স্কেল অনুযায়ী তাদের প্রথম বেতন পাওয়ার কথা। তবে, মজুরি ঠিক কতটা বাড়ানো হবে, সে বিষয়ে বোর্ড কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
বিএনপি সরকার ‘এমডব্লিউবি’ (MWB)-তে দুজন ট্রেড ইউনিয়ন নেতাকে নিয়োগ দিয়েছে—বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (BGISF) সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (BJSD) সভাপতি আনোয়ার হোসেন। সরকারের অনুগত এই ইউনিয়ন নেতারা শ্রমিকদের স্বার্থ নয়, বরং পোশাক প্রস্তুতকারক কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করবেন।
আইবিসি (IBC)-এর সদস্য সংগঠন বিজিআইএসএফ (BGISF)-এর বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলনকে দমন বা সীমাবদ্ধ করার কুখ্যাত রেকর্ড রয়েছে। গত ২রা নভেম্বর বাবুল আক্তার শ্রমিকদের বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দয়া করে কারখানায় ফিরে যান এবং কাজ শুরু করুন। আপনাদের ন্যায্য মজুরির জন্য আমরা লড়াই করব। প্রয়োজনে আমরাই আপনাদের আবার আন্দোলনে যোগ দেওয়ার ডাক দেব।”
২০১৯ সালের জানুয়ারিতে, শেখ হাসিনা কর্তৃক গঠিত একটি কমিটির নির্ধারণ করা অপর্যাপ্ত মজুরি বৃদ্ধির প্রতিবাদে আশুলিয়ার শ্রমিকরা যখন বিক্ষোভ করেন, তখন বাবুল আক্তার সেই মজুরি কাঠামোকেই সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন, “আমাদের এটি মেনে নিতেই হয়েছে, কারণ প্রস্তাবটি আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে। আমরা কীভাবে একে অসম্মান করতে পারি?”
‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর ২রা নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এমডব্লিউবি (MWB)-তে সরকারের আরেক প্রতিনিধি হোসেন শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, চলমান আন্দোলন “শ্রমিকদের কোনো উপকারে আসছে না, বরং তাদের ন্যায্য দাবিগুলোকেই দুর্বল করে দিচ্ছে।”
স্টালিনবাদী ঘরানার ট্রেড ইউনিয়ন—বিজেএসডি (BJSD) এবং বিজিআইএসএফ (BGISF)—বারবার পোশাক শ্রমিকদের সংগ্রামকে বাধাগ্রস্ত করেছে। এখন তারা ডানপন্থী বিএনপি সরকারের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। উল্লেখ্য, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পর, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এক প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে এই বিএনপি সরকার ক্ষমতায় আসে। যুদ্ধাবস্থার মতো এক পরিবেশে অনুষ্ঠিত সেই নির্বাচনে প্রায় ৯ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।
ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপি সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসে। তারা আইএমএফ (IMF)-এর কঠোর মিতব্যয়িতার নীতি চাপিয়ে দেয় এবং ইরান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের বোঝা সাধারণ শ্রমজীবী মানুষের ওপর চাপিয়ে দেয়। পোশাক শ্রমিকদের এই আন্দোলন অন্যান্য স্বল্প-বেতনভুক্ত শ্রমিকদেরও উৎসাহিত করতে পারে—এই আশঙ্কায় সরকার আন্দোলন দমনে পুলিশ এবং ট্রেড ইউনিয়ন—উভয়েরই সহায়তা নিয়েছে।
অন্যদিকে, মালিকপক্ষ শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ৪ঠা নভেম্বর ‘বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি মোহাম্মদ হাতেম যুক্তি দেন যে, মজুরি বাড়ালে তা রপ্তানি প্রতিযোগিতায় সক্ষমতাকে কমিয়ে দেবে এবং বিদেশি ক্রেতাদের অন্য দেশে চলে যেতে বাধ্য করবে।
স্বল্প মজুরি এবং পশ্চিমা দেশগুলোর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশে সহায়তা করেছে। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই ক্ষেত্র থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত এই শিল্পটিতে এইচঅ্যান্ডএম (H&M), জারা (Zara)-র মালিক প্রতিষ্ঠান ইনডিটেক্স (Inditex) এবং ওয়ালমার্ট (Walmart)-এর মতো বড় বড় বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্য পণ্য সরবরাহ করে। সরকার ও মালিকপক্ষের আশঙ্কা, শ্রমিকদের এই অসন্তোষ রপ্তানি বরাত এর ‘পিক সিজন’ বা ব্যস্ত সিজনে উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
কর্মসংস্থান এর সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা ‘জাস্টিসমেকার্স বাংলাদেশ’-এর ১৫ই জুলাই, ২০২৬-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৮০টি পোশাক কারখানায় ২০,৭৮৩ জন শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন। এছাড়া, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ৪৫৭টি পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে ২ লাখ ৪০ হাজারেরও বেশি শ্রমিক বেকার হয়েছেন।
৪.৫ থেকে ৫ বিলিয়ন ডলারের প্রস্তাবিত ঋণের বিপরীতে আইএমএফ (IMF)-এর শর্তাবলি—যেমন ভ্যাট ও জ্বালানি কর বৃদ্ধি, কর ছাড় কমিয়ে আনা এবং জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস—শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর বাড়তি বোঝা সৃষ্টি করবে।
পোশাক শ্রমিকদের সংগ্রামকে এগিয়ে নিতে শ্রমিকদের নতুন সংগঠন গড়ে তোলা জরুরি। প্রতিটি কারখানায় ইউনিয়ন আমলাতন্ত্র, সরকার এবং সমস্ত পুঁজিবাদী রাজনৈতিক দলের প্রভাবমুক্ত ‘র্যাঙ্ক-অ্যান্ড-ফাইল কমিটি’ (সাধারণ শ্রমিকদের কমিটি) গঠন করতে হবে। এই কমিটিগুলোকে প্রকৃত মজুরি ও নিশ্চিত কর্মসংস্থানের লড়াইয়ের সাথে শিক্ষক, চা-বাগান শ্রমিক, পরিবহন শ্রমিক, স্বাস্থ্যকর্মী এবং শ্রমজীবী শ্রেণির অন্যান্য অংশের সংগ্রামকে যুক্ত করতে হবে।
বাংলাদেশি শ্রমিকরা আজ এমন এক বৈশ্বিক পুঁজিবাদী সংকটের মুখোমুখি, যা ফ্রান্স, জার্মানি, ভারত, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শ্রমিক ও তরুণ প্রজন্মকে সংগ্রামের পথে ঠেলে দিচ্ছে। বহুজাতিক কর্পোরেশন এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো শোষণ তীব্রতর করে পৃথিবীকে এক বর্বর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে; এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বের সকল দেশের শ্রমিকদের ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অ্যালায়েন্স অব র্যাঙ্ক-অ্যান্ড-ফাইল কমিটিজ’ (IWA-RFC) গঠন করার মাধ্য দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
